বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

Spread the news

২৭ সেপ্টেম্বর : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার পর আহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছানো একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালালে এক উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন। রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে পুলিশের চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলাটি চালানো হয়। বিস্ফোরণে চেকপোস্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের অধিকাংশই নিরাপত্তাকর্মী ও পথচারী। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, আহতদের কাছের হাসপাতালে নেওয়ার সময় জরুরি সেবাকর্মীদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একজন উদ্ধারকর্মী নিহত হন এবং আরও দুজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির শব্দও শোনা যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং উদ্ধার ও তল্লাশি অভিযান চালায়।

এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার একটি বড় অংশের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে।

পাকিস্তানি তালেবান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে পৃথক সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *