বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গুয়াহাটিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাসহ দলের প্রায় ১০ জনেরও বেশি কর্মীকে অসম পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার তাঁদের গুয়াহাটির কাহিলিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
CJP-র পক্ষ থেকে জানানো হয়, রবিবার গুয়াহাটির জনতা ভবনের কাছে দলের স্বেচ্ছাসেবকদের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ই পুলিশ দলীয় সদস্যদের আটক করে বলে অভিযোগ।
দলের দাবি, বৈঠক শুরু হওয়ার আগেই আশুতোষ রাঙ্কা-সহ একাধিক কর্মীকে পুলিশ আটক করে সেখান থেকে নিয়ে যায়। আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সঠিক সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে, কেন তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে অসম পুলিশের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনও বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।



