বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় ওদালগুড়ি জেলা সম্মেলন রবিবার টংলার সুজিত নার্জারী হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকাল ১১টায় টংলা হাইস্কুল মাঠ থেকে সুজিত নার্জারী হল পর্যন্ত একটি দৃপ্ত মিছিল বের করা হয়।
এরপর সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা কমিটির সভানেত্রী কমরেড স্বর্ণলতা চালিহা পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পাহী বরুয়া এবং বিশিষ্ট শিক্ষক জিতেন কলিতা।

বক্তারা নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ধর্ষণ ও হত্যার ঘটনা এবং মদ ও মাদকদ্রব্যের প্রসারের বিরুদ্ধে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নারী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি এ ক্ষেত্রে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তাঁরা। সম্মেলনে মঞ্জুলা কলিতা মূল প্রস্তাব এবং বিদ্যা বরুয়া সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। সভায় মূল প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সম্মেলন থেকে সাবিত্রী সাহারিয়াকে সভানেত্রী এবং বিদ্যা বরুয়াকে সম্পাদিকা নির্বাচিত করে ২২ সদস্যবিশিষ্ট নতুন ওদালগুড়ি জেলা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভানেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।



