মণিপুরে হামলায় দুই নাগা নাগরিক নিহত, আহত আরও দুই

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : মণিপুরের সেনাপতি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুই নাগা নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সেনাপতি জেলার কৈলেনজাং গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে গুলি চালায়। ঘটনায় দুই নাগরিকের মৃত্যু হয় এবং আরও দু’জন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সেনাপতির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের পরিচয় ও হামলার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। দুই নিরীহ নাগরিকের নিহত এবং আরও দু’জন আহত হওয়ার ঘটনাকে তিনি নিন্দা করে এটিকে নিরপরাধ মানুষের বিরুদ্ধে কাপুরুষোচিত হিংসার ঘটনা বলে উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, মণিপুরের নাগা-অধ্যুষিত এলাকাগুলিতে সাম্প্রতিক সময়ে একাধিক হামলা ও সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন এই হামলার পর পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *