শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর: রাষ্ট্রগীত ‘বন্দেমাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত ‘নমামি ভারতম্’ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে গতকাল পাঁচগ্রামেও অনুষ্ঠিত হলো সমবেত বন্দেমাতরম্ গান। সরস্বতী বিদ্যা নিকেতন, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাঁচগ্রামের উদ্যোগে দুর্গাবাড়ি দাস কলোনিতে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের মুখ্য বক্তা শ্রীভূমি কলেজের অধ্যাপিকা মালবিকা ভট্টাচার্য ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ থেকে শুরু করে ‘বন্দেমাতরম্’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।
বিদ্যালয়ের সভাপতি মৃণাল কান্তি দাস বলেন, ‘বন্দেমাতরম্’ দেশপ্রেম, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি ত্যাগ ও আত্মবলিদানের চেতনা জাগ্রত করেছে।
অনুষ্ঠানে আয়োজক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দে-সহ স্বপন ভট্টাচার্য, দীপক দাস, অঞ্জন দে, হীরালাল দাস, চিরঞ্জীব দাস, মিহির কান্তি দাস, শ্যামল গোস্বামী, মানস দাস-সহ বহু সমাজসেবী ও কার্যকর্তা উপস্থিত ছিলেন। শেষে প্রধান আচার্যা শ্রাবণী দাস সকল অতিথি, অভিভাবক, ছাত্রছাত্রী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



