বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কংগ্রেস প্রার্থী বন্দিতা ত্রিবেদী রায়ের সমর্থনে প্রচারে অংশ নেন কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য ও তমালকান্তি বণিক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিভিন্ন প্রতিশ্রুতি ও সরকারি প্রকল্পের কথা তুলে ধরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি ভোটারদের প্রার্থীদের যোগ্যতা ও শিক্ষাগত দিক বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, তমালকান্তি বণিকও বিজেপির বিরুদ্ধে নির্বাচনের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও ফর্ম বিলির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন। তাঁর বক্তব্য, ভোটাররা এবার ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।
এদিন কংগ্রেস প্রার্থী বন্দিতা ত্রিবেদী রায় ভোটারদের কাছে সমর্থনের আবেদন জানান। নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় কংগ্রেসের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।



