বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : মণিপুরের দুই কুকি ছাত্রনেতাকে বৃহস্পতিবার আইজল থেকে হেফাজতে নিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, আইজলের খাতলা এলাকার একটি হোটেল থেকে ওই দুই ছাত্রনেতাকে আটক করা হয়। এর কিছুক্ষণ আগে আসাম রাইফেলসের সহায়তায় শহরের উপকণ্ঠ থেকে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র প্রধান থাংখোমাং হাওকিপ এবং তাঁর গাড়িচালককে আটক করে এনআইএ।
ইউকেএনএ-র কমান্ডার-ইন-চিফ হিসেবে পরিচিত হাওকিপের বিরুদ্ধে মণিপুরে একাধিক ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে ওই দুই ছাত্রনেতা, হাওকিপ এবং তাঁর গাড়িচালক—চারজনই এনআইএর হেফাজতে রয়েছেন বলে সূত্র জানিয়েছে।
হাওকিপের বিরুদ্ধে মণিপুরে দায়ের হওয়া একাধিক মামলায় খোঁজ ছিল। তবে সংশ্লিষ্ট মামলাগুলির বিস্তারিত তথ্য কিংবা দুই ছাত্রনেতার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, অভিযানে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি)-র ভূমিকা ছিল বলে আগে যে খবর প্রকাশিত হয়েছিল, তা সরকারি সূত্রে অস্বীকার করা হয়েছে। সূত্র জানিয়েছে, গ্রেফতারের ঘটনায় এসআইবির কোনও ভূমিকা ছিল না।
ইউকেএনএ সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তির স্বাক্ষরকারী নয়। সংগঠনটির বিরুদ্ধে একাধিক হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ১০ জুন কাংপোকপি জেলায় ৩৭ নম্বর জাতীয় সড়কের কোটলেনের কাছে তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অগ্রবর্তী নিরাপত্তা কনভয়ে হামলার ঘটনাও রয়েছে।



