বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র জন্য নতুন সদস্য নিয়োগের অভিযোগে মণিপুরে ৫৩ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার আসাম রাইফেলসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইম্ফল পশ্চিমের সিডিও-র একটি দল ল্যাংগোল গেম ভিলেজ এলাকায় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি অভিযান চালায়।
অভিযানে রেভলিউশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ)/পিএলএ-র সক্রিয় মহিলা সদস্য কন্থৌজাম রিটা দেবীকে গ্রেফতার করা হয়। সংগঠনের জন্য নতুন ক্যাডার নিয়োগে তিনি জড়িত ছিলেন বলে পুলিশের অভিযোগ। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।




