বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : হয়তো ফিরে আসবেন স্বামী। দুই মাস ধরে পথ চেয়ে রয়েছেন এক মহিলা। গত ১৪ জুলাই ঘর থেকে নিখোঁজ হয়ে যান সিরাজ আলি নামে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার ৭০ দিন অতিক্রম করলেও সিরাজ আলির কোনও সন্ধান পাননি তার স্ত্রী কুলসুমা বেগম বড়ভূইয়া। অসহায় এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দুই সন্তানকে নিয়ে কুলসুমা বেগম। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তাঁর স্বামীর কোনও সন্ধান পাননি বলে জানান তিনি। স্বামীর জন্য আজও পথ চেয়ে তিনি বসে রয়েছেন।
শুক্রবার সাংবাদিকদের সামনে পুরো বিষয় তুলে ধরে জানান, গত ১৪ জুলাই সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে তার স্বামী অর্থাৎ সিরাজ আলি নেই। বেলা বাড়লেও স্বামী ঘরে না ফেরায় আশেপাশে খোঁজ নিতে শুরু করেন। এরপর কোনও হদিস না পেলে আত্মীয়-স্বজনসহ স্বামীর আদি বাড়ি জিরিঘাট লালপানি এলাকায়ও খোঁজ নেন। সেখানেও স্বামীর খোঁজ পাননি। অবশ্য বাধ্য হয়ে ২৫ জুলাই তিনি পুলিশে নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট করেন। কুলসুমা বেগম জানান তার স্বামী মূলত পেশায় একজন কাঠমিস্ত্রি। চলতি বছরে সিরাজ আলি এই পেশা ছেড়ে মেঘালয়ের একটি পাথরের ক্রাশারে কাজে যোগ দেন। সেখানে মাস তিনেক কাজ করে নিখোঁজ হওয়ার দু’দিন আগে বাড়ি ফিরেন। এরপর বাড়ি ফিরলে ১৪ জুলাই রাতে ঘর থেকে নিখোঁজ হয়ে যান। বর্তমানে তিনি এক অসহায় দিনযাপন করছেন।




