অরুণোদয় ও রেশন কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, ভাগা বাজারে ৪৫ মহিলা প্রতারিত!

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাছাড় জেলার ভাগা বাজার জিপিতে। উত্তর হাওয়াইথাং এলাকার ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০–৪৫ জন মহিলার কাছ থেকে অরুণোদয় প্রকল্প ও রেশন কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগকারীদের মধ্যে রাসমা বেগম, রুকিয়া বেগম, কামলারুন নেসা, রুফেসা বিবি-সহ আরও কয়েকজন মহিলা রয়েছেন। তাঁদের দাবি, অরুণোদয় প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করার জন্য ২ হাজার টাকা, রেশন কার্ডে নাম তোলার জন্য ৩ হাজার টাকা এবং নতুন রেশন কার্ড করে দেওয়ার নামে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
অভিযোগকারীদের দাবি, কয়েক মাস আগে টাকা দেওয়ার পরও তাঁদের কারও রেশন কার্ডে নাম ওঠেনি। অরুণোদয় প্রকল্পের সুবিধাও তাঁরা পাননি বলে অভিযোগ। টাকা ফেরতের দাবি জানালে প্রথমে হুমকি দেওয়া হয় এবং পরে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই ঘটনায় সাবুলের স্ত্রী সমিরুন নেছা ওরফে সোয়াগালার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযোগকারীদের আরও দাবি, সংবাদমাধ্যমের দ্বারস্থ হওয়ার কথা জানালে তাঁদের টাকা ফেরত না দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে টাকা ফেরত দেওয়া এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মহিলারা। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *