বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শিলঙের মাওবাহ, মাওপ্রেম এলাকার শিব মন্দিরের কাছে শনিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ সন্দেহভাজন পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনায় একটি পরিত্যক্ত স্কুটির কিছু অংশ পুড়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁরা বাইরে থেকে বিকট শব্দ শুনতে পান। পরে দেখতে পান, একটি স্কুটি ও মোমোর দোকানের কাছে সন্দেহভাজন পেট্রোল বোমাটি পড়ে রয়েছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পাশাপাশি, একটি তারে আগুন ধরে যেতেও দেখেছেন বলে জানান তাঁরা।
পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম জানান, এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে খবর এসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি সন্দেহভাজন পেট্রোল বোমা হামলা কি না, সেই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার সিয়েম বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।




