বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বিহুবরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হল মাদক মাফিয়া ভিকি সিংয়ের সহযোগী রুবুল খান। পুলিশ সূত্রে জানা গেছে, বিমান বরুয়া হত্যাকাণ্ডের সঙ্গে রুবুল খান জড়িত ছিল। পুলিশের দাবি, সে ওই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এবং মাদক মাফিয়া ভিকি সিংয়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।
বিমান বরুয়াকে হত্যায় ব্যবহৃত তরবারি উদ্ধারের জন্য মঙ্গলবার রুবুল খানকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছনোর পরই রুবুল খান উদ্ধার হওয়া তরবারি দিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে রুবুল খানের ডান পায়ে আঘাত লাগে।
ঘটনার সময় বিহুবর থানার পুলিশ কর্মকর্তা নবীন চেতিয়াও অল্পের জন্য রক্ষা পান বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে গুলিবিদ্ধ রুবুল খানকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিমান বরুয়া হত্যাকাণ্ডে রুবুল খানের ভূমিকা এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।



