২৩ জুন : ডালাসে যেন শুধুই মেসির রাজত্ব। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোল। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নেমে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। টানা দুই ম্যাচে পাঁচ গোল করে একাই টেনে নিয়ে চলেছেন আর্জেন্টিনাকে। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। আর সেই জয়ের নায়কও মেসি।
একদিকে সমালোচনার মুখে আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৩৯-এর দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিদিন নতুন করে ইতিহাস লিখছেন মেসি। ২০০তম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোল করে আবারও শিরোনামে আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ৩৮ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের ১৭তম গোলটি করেন মেসি। সেই সঙ্গে ছাপিয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজেকে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরও এক অসাধারণ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। চার ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মাতেন মেসি।
তবে ম্যাচের শুরুটা তাঁর জন্য সুখকর ছিল না। নবম মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন। বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় পেনাল্টি মিস। গোলরক্ষককে পরাস্ত করতে না পেরে হতাশায় মুখ ঢেকে ফেলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর আরও কয়েকটি সুযোগ নষ্ট করেন তিনি।
কিন্তু বড় খেলোয়াড়রা ফিরতে জানেন। প্রথমার্ধের শেষদিকে কাউন্টার অ্যাটাক থেকে তৈরি হওয়া আক্রমণে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সেই গোলেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। এমিলিয়ানো মার্টিনেজের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ দলকে নিরাপদ রাখে। শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় গোল নিশ্চিত করে আর্জেন্টিনার জয়।
আপাতত আর্জেন্টিনা শিবিরে স্বস্তির হাওয়া। কারণ, বিশ্বকাপের মঞ্চে এখনও আলো ছড়িয়ে চলেছেন লিওনেল মেসি—আর তাঁর পায়েই স্বপ্ন দেখছে পুরো আর্জেন্টিনা।



