বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : শুয়ালকুচির উত্তর সিদ্ধেশ্বরী পাহাড় এলাকায় রাতে রাজপথে মদ্যপান ও অশ্লীল আচরণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, একজন হিন্দিভাষী পুরুষ এবং একজন মহিলা রাজপথে মদের বোতল নিয়ে অশ্লীল আচরণ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, AS 01 GB 3879 নম্বরের ‘GOVT OF INDIA’ লেখা একটি কালো রঙের বিলাসবহুল গাড়িতে করে দুজনে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। অভিযোগ উঠেছে, গভীর রাতে অতিরিক্ত মদ্যপানের পর তারা রাজপথে মদের খালি বোতল ফেলে এক অসামাজিক পরিবেশের সৃষ্টি করেন।
ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা প্রতিবাদ শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই পুরুষ ও মহিলা রাজপথে ফেলে রাখা মদের খালি বোতলগুলো নিজেদের গাড়িতে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন।

সরকারি ফলক লাগানো গাড়ি ব্যবহার করে রাজপথে মদ্যপান ও অশ্লীল আচরণের এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।



