অটো সাজিয়ে ফাইনাল দেখতে মাঠমুখী জামালপুর এফসির সমর্থকরা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : ধলাইয়ে আজ অনুষ্ঠিত হতে চলেছে প্রতীক্ষিত মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে সুশান্তরঞ্জন দত্ত ও স্বপনকুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি।

ফাইনাল ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার থেকেই খেলা উপভোগ করতে মাঠমুখী হয়েছেন বহু দর্শক। দুই দলের সমর্থকদের মধ্যে ফাইনাল ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

এরই মধ্যে অভিনব কায়দায় ফাইনাল ম্যাচ উপভোগের প্রস্তুতি নিয়েছেন জামালপুর এফসির কয়েকজন যুবক। তাঁরা একটি অটোকে জামালপুর এফসির কাটআউট, খেলোয়াড়দের ছবি ও বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সাজিয়ে তুলেছেন। অটোর চারপাশে ফুটবলারদের ছবি যেমন স্থান পেয়েছে, তেমনই দলের প্রতি সমর্থন জানিয়ে লেখা হয়েছে নানা বার্তা।

অটোর একদিকে বিশেষভাবে লেখা রয়েছে—‘ফাইনাল অ্যাটাক জামালপুর এফসি’। অভিনব এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা ও আবেগের এমন প্রকাশ ফাইনাল ম্যাচের উত্তেজনায় আরও নতুন মাত্রা যোগ করেছে।

আজকের ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ধলাইয়ের ফুটবলপ্রেমীরা। মাঠে দর্শকদের উপস্থিতিও জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *