মাঠের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে শিলচর স্পোর্টিং ক্লাবের বড় জয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : মাঠের অধিকার সংক্রান্ত আইনি লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল বরাক উপত্যকার দ্বিতীয়তম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। গত ৭ অক্টোবর শিলচরের জেলা ও দায়রা জজ আদালতে এক গুরুত্বপূর্ণ রায়ে শিলচর ফুটবল একাডেমির দায়ের করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন খারিজ হয়ে যায়। মামলাটি শিলচর জেলা ও দায়রা জজ আদালতে Case No. 10-07-2025 হিসেবে নথিভুক্ত ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাঠের অধিকারকে কেন্দ্র করে শিলচর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে শিলচর ফুটবল একাডেমির দায়ের করা এই মামলায় উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র বিবেচনা করার পর মহামান্য জেলা জজ শ্রী বি. রায় আবেদনটি খারিজ করার নির্দেশ দেন। মামলার শুনানিতে শিলচর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নিজেদের অবস্থানের সমর্থনে বিভিন্ন সরকারি নথি, আদেশপত্র ও প্রাসঙ্গিক তথ্য আদালতে পেশ করা হয়। অন্যদিকে, আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শিলচর ফুটবল একাডেমির পক্ষ থেকে তাদের দাবির সমর্থনে পর্যাপ্ত নথিপত্র উপস্থাপনের বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। শেষ পর্যন্ত আদালতের রায়ে শিলচর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে দায়ের করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন খারিজ হয়।

এই রায়কে কেন্দ্র করে শিলচরের ক্রীড়া মহলে সন্তোষের আবহ তৈরি হয়েছে। ক্রীড়াপ্রেমী মহলের একাংশের মতে, এই রায় বরাক উপত্যকার সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠনটির অবস্থানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি। তাঁদের মতে, খেলাধুলার পরিকাঠামো ও মাঠের অধিকার সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে প্রাসঙ্গিক নথিপত্র, তথ্যপ্রমাণ এবং আইনি প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য, এই মামলায় শিলচর স্পোর্টিং ক্লাবের পক্ষে আইনজীবী ধ্রুবকুমার সাহা এবং শিলচর ফুটবল একাডেমির পক্ষে আইনজীবী সৌমেন চৌধুরী মামলা পরিচালনা করেন। শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সচিব শ্রী কমলেশ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *