বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপে পরপর দু’দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। সোমবার স্বর্ণপদক জয়ের পর মঙ্গলবার আরও একটি ব্রোঞ্জপদক বিশ্ববিদ্যালয়ের পদক তালিকায় যুক্ত হয়েছে।
সোমবার ইম্ফলে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী তাইবাং ঙানবা সাগাপাম দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জয় করেন। কোয়ার্টার ফাইনালে ক্লাস্টার বিশ্ববিদ্যালয়কে ২২-৩ পয়েন্টে এবং সেমিফাইনালে মণিপুর বিশ্ববিদ্যালয়কে ১৭-৭ পয়েন্টে পরাজিত করে ফাইনালে পৌঁছান তিনি। ফাইনালে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়কে ১২-৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন।

অন্যদিকে, মঙ্গলবার পুরুষদের ফুনাবা আমা (৬২ কেজি) বিভাগে কন্থৌজাম লামগানবা মেইতেই ব্রোঞ্জপদক অর্জন করেন। কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ের এমজিআর বিশ্ববিদ্যালয়কে ২৯-১৪ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন তিনি। তবে সেমিফাইনালে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে ১৫-১৮ পয়েন্টে পরাজিত হওয়ায় তাঁকে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দলের কোচ এম বিশান্তা সিংহ এবং ম্যানেজার কে. আনন্দ কুমার সিংহের তত্ত্বাবধানে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। পরপর দু’দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ের এই সাফল্য জাতীয় স্তরে থাং-টা খেলায় আসাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের দক্ষতা ও সম্ভাবনাকে আরও একবার তুলে ধরেছে।



