ক্যান্সার কেয়ার সেন্টারের পরিষেবায় সন্তোষ প্রকাশ, মেডিক্যাল কলেজে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : বরাক সফরের অংশ হিসেবে বুধবার শিলচরের একাধিক সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। এদিন সকাল সাড়ে ৯টায় প্রথমে শিলচর সিভিল হাসপাতালে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে শিলচর ক্যান্সার কেয়ার সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী।
ক্যান্সার কেয়ার সেন্টারের চিকিৎসা পরিষেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন অশোক সিংহাল। হাসপাতালের পরিষেবা নিয়ে আনন্দ প্রকাশ করার পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

এরপর সকাল ১১টায় শিলচর মেডিক্যাল কলেজের মেডিসিন ওয়ার্ড এবং নতুন ভবন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন ভবনের পাশে অবস্থিত গাইনি ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। রোগীদের চিকিৎসা পরিষেবা, হাসপাতালের ব্যবস্থাপনা এবং তাঁদের অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

পরিদর্শন শেষে মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এবং চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন অশোক সিংহল। বৈঠকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা, সামগ্রিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারের পরিষেবা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট। এই প্রতিষ্ঠানের চিকিৎসক ও কর্মীদের কাজের প্রশংসাও করেন তিনি।
এদিনের পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক কিশোর নাথ ও কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কমিশনার রাহুল গুপ্তা, জেলার এসএসপি পার্থপ্রতিম দাস-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *