বরাক তরঙ্গ, ১ আগস্ট : গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে শনিবার বর্ণাঢ্য আয়োজনে শুরু হল ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের গুয়াহাটি পর্ব। অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল উত্তরাধিকারের অনন্য সমন্বয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্রুপ-এফ-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং বড়োল্যান্ড এফসি।
ভারতীয় সশস্ত্র বাহিনীর উদ্যোগে এবং অসম সরকারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান ডুরান্ড কাপের ঐতিহ্য ও মর্যাদাকে নতুনভাবে তুলে ধরে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যও সগৌরবে উপস্থাপিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের ক্রীড়ামন্ত্রী বিশ্বজিৎ দৈমারি, অর্থ, পরিবেশ ও বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, অসম সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, ভারতীয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর প্রতিনিধি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিসহ অংশগ্রহণকারী ক্লাব, স্পনসর সংস্থা এবং ফুটবল জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
ম্যাচ শুরুর অনেক আগেই স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। দর্শকদের জন্য ছিল টেথার্ড হট-এয়ার বেলুন, সামরিক জ্যাজ ব্যান্ড, ব্রাস ও পাইপ ব্যান্ডের পরিবেশনা, সামরিক কুকুরের প্রদর্শনী এবং ডুরান্ড কাপের ইতিহাস ও ট্রফি সফর নিয়ে বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা।
প্রধান ও বিশিষ্ট অতিথিদের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সম্মিলিত সামরিক ব্যান্ড এবং এনসিসি অল গার্লস ব্রাস ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আকাশে রোমাঞ্চকর স্কাইডাইভিং প্রদর্শনী বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পরে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বল এবং ডুরান্ড কাপের তিনটি ঐতিহ্যবাহী ট্রফি প্রদর্শন করা হয়।
অসমের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে অনুষ্ঠানে পরিবেশিত হয় বাগুরুম্বা, বারদুই শিখলা, বিহু ও ভোরতাল নৃত্য। পাশাপাশি প্যারামোটর প্রদর্শনী, অ্যারোমডেলিং শো এবং ঐতিহাসিক ডুরান্ড কাপের সঙ্গে জড়িত সামরিক ঐতিহ্যভিত্তিক ‘বদলুরাম কা বদন’-এর বিশেষ উপস্থাপনা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)-এর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট।
এছাড়াও কেরলের ঐতিহ্যবাহী চেন্ডা বাদ্য এবং প্রাচীন যুদ্ধকলা কলারিপায়াট্টুর প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বিশেষভাবে নির্মিত ডুরান্ড কাপের থিম ফিল্ম প্রদর্শনের মাধ্যমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



