মাতৃভূমি কাপের খেলায় গুরুতর আহত ফুটবলার, শিলচর মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহনলাল আরমান এফসির খেলোয়াড় ওয়ানবন লাতন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। জানা গেছে, গত ২৮ আগস্ট মোহনখাল ও জমিরখালের মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান ওয়ানবন লাতন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে ভর্তি করেন।

খেলোয়াড়ের আহত হওয়ার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে লাতনের চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি আহত খেলোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ওয়ানবন লাতনের অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকেও জানানো হয়েছে, আপাতত তিনি বিপদমুক্ত।

ওয়ানবন লাতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস। একইসঙ্গে এই কঠিন সময়ে আহত খেলোয়াড় ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, মাতৃভূমি কাপ শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়; খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের প্রতি সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতার বার্তাও বহন করছে এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *