সামাজিক মাধ্যমে বিধায়ককে কু-মন্তব্যে, কাটিগড়া থানায় মামলা বিজেপি সংখ্যালঘু মোর্চার

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সামাজিক মাধ্যমে কু-মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হাইলাকান্দির বাসিন্দা বি এইচ লস্করের বিরুদ্ধে বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি সনাতন ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে।

সম্প্রতি শিলচর কাছাড় কলেজের হিজাব-কাণ্ড নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই ফেসবুকে বি এইচ লস্করের একটি পোস্টকে ঘিরে বিতর্কের সূত্রপাত বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা শনিবার কাছাড় ও শ্রীভূমি জেলার বিভিন্ন থানায় অভিযুক্তের বিরুদ্ধে মোট ছয়টি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিজেপি কাটিগড়া মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল বাসিত খান, আব্দুল করিম, তাহিরুল ইসলাম, আব্দুল মালিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীদের দাবি, বিধায়ককে নিয়ে কু-মন্তব্য এবং ধর্মীয় অবমাননার অভিযোগে অভিযুক্ত বি এইচ লস্করকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এনিয়ে অভিযুক্ত লস্করের বিরুদ্ধে মোট ৭টি এজাহার জমা পড়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে কাটিগড়া-সহ বরাক উপত্যকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *