রুডের জোড়া গোলে মাতৃভূমি কাপে আব্দুল এফসির দাপুটে জয়

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : রুডের জোড়া গোলের সুবাদে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেল আব্দুল এফসি জামালপুর। শুক্রবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আফ্রুজা এফসি আর্জানপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামালপুরের দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আব্দুল এফসিকে। খেলার ১৭ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোল করে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার রুডে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জামালপুর।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আফ্রুজা এফসি। মাঝমাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র লড়াই। তবে গোলের দেখা পায়নি আর্জানপুরের দলটি।

এরই মধ্যে ৬০ মিনিটে ফের গোল করে রুডে। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের ব্যবধানও বাড়িয়ে দেন তিনি। এর মাত্র দুই মিনিট পর, ৬২ মিনিটে জামালপুরের হয়ে তৃতীয় গোলটি করেন রাহুল। এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল শোধ করতে পারেনি আফ্রুজা এফসি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আব্দুল এফসি জামালপুর।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের জুনেইদ আহমদকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি নাড়ু গোপাল পাল।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, নুংশিতম্বী সিংহ ও বুলবুল লস্কর।
এদিকে, শনিবার ‘ডি’ গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ও ইসলামাবাদ এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *