বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : নতুন SOP অনুযায়ী, রাজ্যের সমস্ত যোগ্য পরিবহণ যানবাহনে স্পিড লিমিটিং ডিভাইস (SLD) বসানো বাধ্যতামূলক করা হয়েছে। দু’চাকা ও তিন চাকার যানবাহন, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি বাদে সমস্ত বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে এই যন্ত্র লাগাতে হবে।
নতুন কেনা যানবাহনে নির্মাতা সংস্থার পক্ষ থেকেই SLD সংস্থাপন করা হবে। অন্যদিকে, পুরনো যানবাহনের মালিকদের অনুমোদিত ডিলার অথবা রেট্রোফিটমেন্ট সেন্টারে গিয়ে এই যন্ত্র বসাতে হবে। পাশাপাশি, SLD সংস্থাপনের যাবতীয় তথ্য VAHAN পোর্টালে আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন SOP-তে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, SLD ছাড়া কোনও যানবাহনকে ফিটনেস সার্টিফিকেট ও পারমিট দেওয়া হবে না। রাস্তায় যানবাহন পরীক্ষার সময় কোনও গাড়িতে এই যন্ত্র না থাকলে অথবা যন্ত্রটি বিকল অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাতিল করা হতে পারে গাড়িটির ফিটনেস সার্টিফিকেট ও পারমিট।

শুধু তাই নয়, চালক কিংবা মেকানিক কেউ SLD খুলে ফেললে অথবা যন্ত্রটিতে কোনও ধরনের কারচুপি করলে গাড়ির মালিক এবং সংশ্লিষ্ট মেকানিক উভয়ের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হবে। অন্যদিকে, SLD সংস্থাপনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারকে কালো তালিকাভুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে নতুন SOP-তে।

পরিবহণ বিভাগের এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য দ্রুতগতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা এবং রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। নতুন নির্দেশিকা কার্যকর হলে যানবাহনের গতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।



