রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচর থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ প্রাক্তন জিপি সভাপতির স্বামী ও দেবরকে আটক করল পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকার একটি ভাড়া ঘরে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে ওই ঘর থেকে সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে মোট ৭০ হাজারটি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মোট ওজন প্রায় ৭.৬ কেজি (গ্রস) বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে গ্রেফতার করা হয় ৪৭ বছর বয়সী অধুনা সৈদপুর জিপির প্রাক্তন সভাপতি আজমল উদ্দিন লস্কর এবং ২৮ বছর বয়সী আজিম উদ্দিন লস্করকে। শিলচর থানার অধীন সৈদপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে।



