হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, পাঁচটি তেল ট্যাংকারে আগুন

Spread the news

১৯ নভেম্বর : হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক মাইন বিস্ফোরণে মোট পাঁচটি তেল ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, প্রণালির দক্ষিণাংশে মার্কিন যুদ্ধবিমানের পাহারায় চলাচলরত দুটি সুপারট্যাংকার মাইন বিস্ফোরণে জ্বলছে। অন্যদিকে, ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্বাংশে আরও তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনের মুখে পড়েছে।

আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, জ্বলতে থাকা সুপারট্যাংকার দুটি ইরানের নির্ধারিত রুট অমান্য করে ‘অননুমোদিত পথে’ প্রবেশ করেছিল। ওই জাহাজ দুটিতে ৪০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। মার্কিন যুদ্ধবিমান ও নজরদারি ড্রোনের সহায়তায় জাহাজগুলো গোপনে ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি করেছে আইআরজিসি।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে যে হরমুজ প্রণালির পূর্বাংশের নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশ করা তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়ে অচল হয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজগুলো পূর্ব সতর্কতা উপেক্ষা করে এবং নিজস্ব ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় ঢুকেছিল। নিষিদ্ধ জলসীমায় অনুমোদন ছাড়া চলাচল করলে যেকোনো জাহাজের ক্ষেত্রেই একই পরিণতি ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বৈশ্বিক জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ট্যাংকারে আগুন লাগার এই দাবি সামনে এল। তবে ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনও যাচাই পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *