মাতৃভূমি কাপে নাহারুল ইউনাইটেডের দুর্দান্ত জয়

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : হাডামা এফসি-কে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চলতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল নাহারুল ইউনাইটেড এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় নাহারুল ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে নাহারুল ইউনাইটেড। ষষ্ঠ মিনিটে রোহন সিংহের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৪ মিনিটে মনিকেতন সিংহ ব্যবধান বাড়িয়ে ২-০ করেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাডামা এফসি। তবে নাহারুল ইউনাইটেডের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে তারা। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে নাহারুল একের পর এক আক্রমণ চালায়। এর ফল আসে ৫০ মিনিটে, চানুপা সিংহ গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ৫৯ মিনিটে আদিত্য সিংহের গোলে নাহারুলের জয় নিশ্চিত হয়। বাকি সময়ে হাডামা এফসি গোল শোধের চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় নাহারুল ইউনাইটেড এফসি।
ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের হীরেন সিংহকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ সামসুল আলম লস্কর এবং সমাজসেবী প্রদীপ দুষাদ।

ম্যাচ পরিচালনা করেন প্রবীণ বর্মণ, বুলবুল লস্কর ও নুংশিতম্বী সিংহ। চতুর্থ রেফারি ছিলেন শামিম আহমেদ লস্কর। এদিকে, বুধবার ‘সি’ গ্রুপের তৃতীয় খেলায় মুখোমুখি হবে ছোটশালগঙ্গা এফসি ও রাজনগর এফসি। বিষয়টি জানান মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *