পূর্ত সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ মোহনপুরের ডেফলিপার গ্রামের বাসিন্দারা

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট :
সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডের ডেফলিপার গ্রামের পূর্ত বিভাগের একটি সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমের সামনে রাস্তার করুণ চিত্র তুলে ধরে অবিলম্বে সংস্কারের দাবি জানান তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগ প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করার পর রাস্তা খুঁড়ে রেখে দেন। ফলে বর্তমানে সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে।

স্থানীয়দের দাবি, ঠিকাদার বিপ্লব শর্মার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাদের অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও দৈনন্দিন যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এদিন স্থানীয় বাসিন্দা দেবাশিস সিনহা, মনিধন সিংহ, ব্রজকিশোর সিংহ-সহ অন্যান্যরা জানান, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আজও গ্রামবাসীদের ভাঙাচোরা রাস্তার ওপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে।
গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে তারা বৃহত্তর গণআন্দোলনে নামবেন। পাশাপাশি দ্রুত হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *