জনগণনায় প্রকৃত মাতৃভাষা নথিভুক্তের আহ্বান বিডিএফের

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট: কোনও রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নেতা বা প্রভাবশালী ব্যক্তির বক্তব্য কিংবা প্ররোচনায় প্রভাবিত না হয়ে আসন্ন জনগণনায় প্রত্যেক নাগরিককে নিজের প্রকৃত মাতৃভাষা নির্ভয়ে নথিভুক্ত করার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। এক প্রেস বিবৃতিতে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, সারা দেশের সঙ্গে অসমেও জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এই পরিস্থিতিতে জনগণনায় সঠিক ও সত্য তথ্য প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আসন্ন জনগণনায় বরাক উপত্যকার বাসিন্দা ও জনজাতিদের নিজেদের মাতৃভাষা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিডিএফের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান জয়দীপ।
বিডিএফের বক্তব্য, জনগণনা দেশের মানুষের আর্থিক, সামাজিক, ভাষিক ও জাতিগত বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার তৈরি করে। এই তথ্যের ভিত্তিতেই সরকারের ভবিষ্যৎ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারিত হয়। ফলে জনগণনায় নথিভুক্ত তথ্যের ওপর প্রশাসনিক পরিকল্পনা, আর্থ-সামাজিক উন্নয়ন, ভাষানীতি ও রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো বিষয় প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারে।

জয়দীপ ভট্টাচার্য আরও বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি কোনও ব্যক্তি ও গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই কোনও প্ররোচনায় নিজের প্রকৃত মাতৃভাষার পরিবর্তে অন্য ভাষা নথিভুক্ত করা হলে তার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হতে পারে।

তিনি আরও জানান, Census Act, 1948 অনুযায়ী জনগণকে ভুল তথ্য নথিভুক্ত করতে প্রভাবিত করা শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি নাগরিকদের নিজেদের মাতৃভাষার পাশাপাশি জানা অন্যান্য ভাষা সম্পর্কেও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।

বিডিএফের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, গণনাকারী সঠিক তথ্য নথিভুক্ত করছেন কি না, তা যাচাই করাও প্রত্যেকের দায়িত্ব। কোনও উদ্দেশ্যপ্রণোদিত ভুল বা বিভ্রান্তিকর তথ্য নথিভুক্ত হলে প্রয়োজনে আইনি হস্তক্ষেপের সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *