শিলচরে বীর টিকেন্দ্রজিৎ সিংহ স্মরণ বিজেপির, স্থায়ী মূর্তি ও সরকারি ছুটির দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :
বীর টিকেন্দ্রজিৎ সিংহের জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বীর টিকেন্দ্রজিৎ সিংহের একটি স্থায়ী আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপাশি তাঁর জন্মদিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি উঠল।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ গোয়ালা ও অমিয়কান্তি দাশ, জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার, ওবিসি মোর্চার সভাপতি কিশোর পাল, কাছাড় কলেজের অধ্যাপক তথা অনুষ্ঠানের মুখ্য বক্তা এল সিংহ, মণিপুর প্রদেশ বিজেপির সহ-সভাপতি এল. মণিকান্ত সিংহ, সাধারণ সম্পাদক শরৎ সিংহ, সত্যেন্দ্র সিংহসহ দলের অন্যান্য নেতা-কর্মী।

স্মরণসভায় বীর টিকেন্দ্রজিৎ সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই। বক্তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মণিপুরের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় টিকেন্দ্রজিৎ সিংহের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। তাঁর বীরত্ব ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে নবীন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা শিলচরে বীর টিকেন্দ্রজিৎ সিংহের একটি স্থায়ী আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপাশি তাঁর জন্মদিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।

জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য, টিকেন্দ্রজিৎ সিংহের অবদান ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে তাঁর স্মৃতি সংরক্ষণ জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তাঁরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *