মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়ার চন্দ্রনাথপুর রেল স্টেশনে বৃহস্পতিবার লঙ্কা-ময়নারবন্দের পরিবর্তে পুরনো প্রস্তাব ও সার্ভে অনুযায়ী লঙ্কা-চন্দ্রনাথপুর রেললাইন নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। কাটিগড়া ও বড়খলা বিধানসভা এলাকার শতাধিক মানুষ স্টেশনে জমায়েত হয়ে এই দাবিতে সরব হন।
আন্দোলনকারীদের দাবি, বরাক উপত্যকার রেল যোগাযোগ আরও উন্নত করার লক্ষ্যে বহু বছর আগেই লঙ্কা-চন্দ্রনাথপুর রেলপথের প্রস্তাব নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী সার্ভের কাজও সম্পন্ন হয়। কিন্তু পুরনো প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে নতুন করে লঙ্কা–ময়নারবন্দ রেলপথ নিয়ে আলোচনা শুরু হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, বরাক উপত্যকায় নতুন রেলপথ, উন্নত রেল পরিষেবা এবং নতুন ট্রেন চালুর উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে লঙ্কা-চন্দ্রনাথপুর রেলপথের পুরনো প্রস্তাব বাস্তবায়নের দাবিতে তাঁরা কোনও আপস করবেন না বলে স্পষ্ট করেন। তাঁদের আরও দাবি, চন্দ্রনাথপুরকে গুরুত্বপূর্ণ রেল জংশন বা সংযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে কাটিগড়া, বড়খলা সহ কাছাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে বরাক উপত্যকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হবে।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রেল বিভাগের আধিকারিকদের কাছে একটি লিখিত দাবিপত্র পেশ করা হয়। সেখানে পুরনো সার্ভে অনুযায়ী লঙ্কা-চন্দ্রনাথপুর রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। লঙ্কা-ময়নারবন্দের পরিবর্তে লঙ্কা-চন্দ্রনাথপুর রেলপথের দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবারের এই বিক্ষোভ কার্যত স্থানীয় জনমতের প্রতিফলন হয়ে উঠেছে।



