বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে যথাযথ মর্যাদায় পালিত হল ১৩৫তম দেশপ্রেমিক দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য আকাদেমির মণিপুরি ভাষা পরামর্শদাতা বোর্ডের সদস্য ড. কে নয়ন চাঁদ সিংহ। মুখ্য বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এল জয়চন্দ্র সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ-সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বৈভবী সিংহ সরস্বতী বন্দনা পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি বিভাগের বিভাগীয় প্রধান ড. এন বিদ্যাসাগর সিংহ। পরে মণিপুরি বিভাগের অতিথি শিক্ষক ড. এইচ. আশানন্দিতা দেবী বীর টিকেন্দ্রজিতের আত্মত্যাগের উপর স্বরচিত কবিতা পাঠ করেন।
মুখ্য বক্তা ড. এল জয়চন্দ্র সিংহ ১৮৯১ সালের অ্যাংলো-মনিপুর যুদ্ধ এবং বীর টিকেন্দ্রজিৎ ও থাঙ্গাল জেনারেলের আত্মত্যাগের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ১৩ আগস্ট শুধু স্মরণের দিন নয়, এটি আত্মত্যাগ, সাহস ও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার প্রতীক। ১৮৯১ সালের যুদ্ধের পর এই দিনেই ব্রিটিশ শাসকরা ইম্ফলের ফৈদাবুং এলাকায় বীর টিকেন্দ্রজিৎ ও থাঙ্গাল জেনারেলকে প্রকাশ্যে ফাঁসি দেয়। মণিপুরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের আত্মত্যাগ আজও মানুষের কাছে গভীরভাবে স্মরণীয়।
তিনি আরও বলেন, এই সংগ্রামে পাওনা ব্রজবাসী, পুখ্রম্বম কাজাও, নিরঞ্জন সুবেদার, চিরাই নাগা-সহ বহু পরিচিত ও অজ্ঞাতনামা দেশপ্রেমিক আত্মবলিদান দিয়েছিলেন। খোংজোমের যুদ্ধক্ষেত্র আজও তাঁদের বীরত্বের ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে।
প্রধান অতিথি ড. কে নয়ন চাঁদ সিংহ বীর টিকেন্দ্রজিৎ, থাঙ্গাল জেনারেল-সহ মণিপুরের বীর দেশপ্রেমিকদের সংগ্রাম ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের সাহস ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে ফেক নিউজ, ভুয়ো ন্যারেটিভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ভুল ও বিভ্রান্তিকর তথ্যও ব্যাপকভাবে ছড়াচ্ছে। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্য যাচাই, সচেতনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিতে হবে। দেশপ্রেমিকদের আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মণিপুরি বিভাগের ছাত্রী নিবেদিতা সিংহ, সিজিতা সিংহ ও মনিষা সিংহ নৃত্য পরিবেশন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী।



