হাইলাকান্দিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ ও খুনের অভিযোগে আটক ৩

Spread the news

বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া গ্রামে এক কিশোরীর (নবম শ্রেণির ছাত্রী) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার জেরে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কিশোরীর বাড়িতে তাঁর ঠাকুরমার মাছস্পর্শ উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় পরিবারের সদস্যরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। অভিযোগ, এই সুযোগে কয়েকজন দুষ্কৃতী কৌশলে কিশোরীকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর উপর যৌন নির্যাতন চালানোর পর নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের দাবি।

অভিযোগ আরও, ঘটনার প্রমাণ নষ্ট করতে অভিযুক্তরা ইটের টুকরো দিয়ে কিশোরীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত করে। তাঁর শরীরের সংবেদনশীল অংশেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশ নিশ্চিত করেনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *