বড়খলার বালাছড়া টোলগেটে বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেফতার দুই

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট :
কাছাড়ের বালাছড়া টোলগেট এলাকায় ফের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করল বড়খলা পুলিশ। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ১,৭২০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমারের নেতৃত্বে পুলিশ দুপুর আনুমানিক ১২টা নাগাদ বালাছড়া টোলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। শিলচর থেকে গুয়াহাটির দিকে যাওয়া একটি লরিতে তল্লাশি চালানোর সময় গাড়িটির ভিতরে একটি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশ সদস্যরা।

পরে ওই গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এরপর পুলিশ সিগারেটসহ লরিটি আটক করে এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে বড়খলা থানায় নিয়ে আসে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল রাহুল হোসেন বড়ভূইয়া (২৪), বাড়ি ভাগা ইসলামাবাদ এবং সাজিদ আহমদ লস্কর (১৮), বাড়ি ভাগা সপ্তগ্রাম। উদ্ধার হওয়া বিদেশি সিগারেট কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

বালাছড়া টোলগেট এলাকায় এর আগেও অবৈধ সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ফের একটি লরির গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *