গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ কমলাক্ষের

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার কাছাড় জেলার কাটিগড়া সার্কল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাটিগড়া সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার, সার্কল অফিসার (এ) চম্পক শর্মা, দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী এবং বিজেপির মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিধ্বংসী বন্যায় কাটিগড়া সার্কলের মোট ৪,০৯৪ জন ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। এদিন প্রতীকীভাবে পাঁচজন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি উপযুক্ত ক্ষতিগ্রস্তদের কাছেও এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই সরকারি সহায়তা বন্যাকবলিত পরিবারগুলির দুর্দিন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা হলেও সহায়ক হবে। পাশাপাশি ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বদা থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *