ত্রাণ তহবিলের ব্যাঙ্ক হিসাব পর্যালোচনায় দেখা গেল ৫ কোটির অনুদান, জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা হিমন্তর

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে জিন্দাল গ্রুপ। এই অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে জিন্দাল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ সকালে অসমের এই সংকটময় সময়ে একটি মানবিক উদ্যোগের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেএসডব্লিউ-র চেয়ারম্যান সজ্জন জিন্দাল অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকার অনুদান দিয়েছেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে আমাদের আগে থেকে কোন তথ্য ছিল না। আজ সকালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাঙ্ক হিসাব পর্যালোচনা করার সময়ই আমরা এই অনুদানের বিষয়টি জানতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা জানি, সজ্জন জিন্দালের মা এবং ওপি জিন্দাল গোষ্ঠীর প্রধান সভিত্রী জিন্দাল অসমেরই কন্যা। অসমের প্রয়োজনের সময়ে এমন সহায়তার জন্য রাজ্যের জনগণের পক্ষ থেকে সজ্জন জিন্দালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অনুদানের প্রতিটি টাকা বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং তাদের জীবন পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *