বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : বদরপুরের কাছে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশ লাইনচ্যুত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে বদরপুর ও সুকৃতিপুর স্টেশনের মধ্যবর্তী ১৬৬/৭ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। ট্রেন নম্বর ১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের ট্রলি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রেনের পেছনের অংশসহ সমস্ত যাত্রীবাহী কামরাকে পিছিয়ে বদরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারও আহত হওয়ার খবরও মেলেনি। দুর্ঘটনার জেরে ওই রেলপথে চলাচলকারী কয়েকটি ট্রেনের যাত্রাপথে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

অন্যদিকে, সিনিয়র রেল আধিকারিকদের তত্ত্বাবধানে লাইন স্বাভাবিক করার কাজ চলছে।
যেসব ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে:
১. ট্রেন নম্বর ১৫৬১৫ (গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস): বিহারায় আটকে রাখা হয়েছে।
২. ট্রেন নম্বর ১৩১৭৫ (শিয়ালদহ-শিলচর এক্সপ্রেস): নিউ হাফলংয়ে আটকে রাখা হয়েছে।
৩. ট্রেন নম্বর ১৩১২৮ (সাইরাং-কলকাতা এক্সপ্রেস): বদরপুরে আটকে রাখা হয়েছে।
৪. ট্রেন নম্বর ১৫৬৬০ (আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস): নিউ করিমগঞ্জে আটকে রাখা হয়েছে।
৫. ট্রেন নম্বর ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস): ধর্মনগরে আটকে রাখা হয়েছে।
৬. ট্রেন নম্বর ১৩১২৫ (কলকাতা-সাইরাং এক্সপ্রেস): লাংটিংয়ে আটকে রাখা হয়েছে।



