বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশসেবার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে অসমের পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ে (জেএনভি) এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করে আসাম রাইফেলস।
এই কর্মসূচিতে আটজন অ্যাসোসিয়েট এনসিসি অফিসারের সঙ্গে মোট ৪৭১ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে। প্রদর্শনীর মাধ্যমে ক্যাডেটরা বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পায়। এর ফলে আসাম রাইফেলসের কার্যকলাপ এবং দেশের নিরাপত্তা রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তাদের জ্ঞান আরও প্রসারিত হয়।

পাশাপাশি, এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে সাহস, নিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি এবং জাতির প্রতি কর্তব্যবোধ জাগিয়ে তোলা। এমন উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে দেশের দায়িত্বশীল নাগরিক ও ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন গঠনমূলক কর্মসূচির মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জনসেবার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।




