বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার গোলাঘাট জেলার নুমলীগড়ে একটি বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ ব্যবস্থার খোঁজখবর নেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সম্ভাব্য জলস্তর বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির যেকোনও পরিবর্তন সম্পর্কে সাধারণ মানুষকে সময়মতো সঠিক তথ্য জানাতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের বন্যা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন ও পরিকাঠামো-সংক্রান্ত একাধিক বিষয়েও নিজের মতামত তুলে ধরেন।



