বরাক তরঙ্গ, ১ জুলাই : ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জঙ্গল থেকে বুধবার এক যুবক ও এক বিবাহিত মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মৃতরা হলেন কুঞ্জবনের নদিয়া চানপাড়া এলাকার বাসিন্দা হরিদাস পাল (২৬) এবং পাপিয়া পাল (৩০)। পাপিয়া পালের স্বামীর নাম জীবন পাল।
স্থানীয় সূত্রের দাবি, একই এলাকার বাসিন্দা হওয়ায় হরিদাস পাল ও পাপিয়া পালের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক পরিবারের সদস্যদের নজরে আসে বলে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় নানা আলোচনা শুরু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামাজিক ও পারিবারিক পরিস্থিতির চাপে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ। এই ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




