
১৭ নভেম্বর : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রশাসনিক ও বৌদ্ধিক জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সংঘের প্রবীণ সহ-সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে বৃন্দাবনের একটি চিকিৎসাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্ত, অনুগামী ও সন্ন্যাসীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বৃন্দাবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
মহারাজের প্রয়াণের সংবাদ প্রকাশ্যে আসতেই বেলুড় মঠের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ এক শোকবার্তায় বলেন, ভজনানন্দজি মহারাজের প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অদূর ভবিষ্যতে পূরণ করা অত্যন্ত কঠিন। দীর্ঘ সাধনা, গভীর অধ্যয়ন এবং সংঘের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন স্বামী ভজনানন্দজি মহারাজ। স্বামী যতীশ্বরানন্দজির কাছে দীক্ষা গ্রহণের পর ১৯৬১ সালে বেঙ্গালুরু কেন্দ্রের মাধ্যমে রামকৃষ্ণ সংঘের কাজে যুক্ত হন। ১৯৭১ সালে তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন তিনি।




