ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পাথারকান্দি পুলিশের সাফল্য

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি
বরাক তরঙ্গ, ১ জুলাই :
মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় কুড়ি লক্ষাধিক টাকা মূল্যের ১০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ইয়াবা মোটরসাইকেলে করে পাচার করা হবে এমন আগাম তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পাথারকান্দি থানা ও বারইগ্রাম পুলিশ ফাঁড়ির যৌথ বাহিনী বারইগ্রাম এলাকার নগরিয়া দ্বিতীয় খণ্ডে বিশেষ তল্লাশি চালায়। অভিযানের সময় আসাম নিবন্ধিত AS-10H-7347 নম্বরের একটি বাইক দুই যুবককে আসতে দেখে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা বিভিন্ন পুটলা থেকে মোট ১০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক কালোবাজারি মূল্য কুড়ি লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার দুই যুবক হলেন ২৬ বছর বয়সী জাকির হোসেন এবং ৩২ বছর বয়সী আপ্তার উদ্দিন। তাদের উভয়ের বাড়ি পাথারকান্দি এলাকার সোনাতোলা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই বিপুল পরিমাণ ইয়াবার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এর পেছনে একটি সক্রিয় মাদক পাচার চক্র কাজ করছে। সেই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের জেলা সিজেএম আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *