বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : সোনাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হলেন নতুন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া। শনিবার ভোরে গড়েরকান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ৪০টি সাবানের কেস ও ১টি প্লাস্টিকের শিশিতে থাকা ৬১৫.৯৯ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। এছাড়াও AS-11AD-7330 নম্বরের একটি গাড়ি থেকে একটি প্লাস্টিকের বোতলে রাখা আরও সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক ৩.১ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে।
উল্লেখ্য, এর আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে সাবিনা ইয়াসমিনের স্বামী গোলাম ওয়াজেদ বড়ভূইয়া ওরফে টিঙ্কুকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



