ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

Spread the news

১ জুলাই : দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। একই সঙ্গে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ১৮তম মিনিটে গনসালো প্লাতার নেতৃত্বে পাল্টা আক্রমণে পিয়েরো হিনকাপিয়ে বল বাড়ান জন ইয়েবোয়ার কাছে। একজন ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর ইয়েবোয়ার নেওয়া কোণাকুণি শট পোস্টে লেগে বাইরে চলে যায়, ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ইকুয়েডর।

এর চার মিনিট পরই ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন মেক্সিকান সমর্থকরা। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে ডি-বক্সে ঢুকে আলভারাদোর পাস থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন হুলিয়ান কিনোনেস। নিকট পোস্ট দিয়ে জালে জড়ানো সেই শটে কোনো সুযোগই পাননি ইকুয়েডরের গোলরক্ষক র‌্যাঙ্গেল।

৩১ মিনিটে ইকুয়েডরের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। বক্সের সামনে বল হারিয়ে ফেললে সেটি পেয়ে যান রাউল হিমেনেজ। তিনি প্রথমে বল বাড়ান কিনোনেসকে, পরে ফাঁকা জায়গায় দৌড়ে গিয়ে ফেরত পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ইকুয়েডর একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো এবং জায়গা করে নেয় বিশ্বকাপের শেষ ষোলোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *