
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : দুলিয়াজানের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৮টা নাগাদ ভূঁইয়া পরিবারের বাড়িতে দুজন ঘাতক প্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বাড়িতে ঢোকার আগে তারা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বলেও জানা গেছে। অন্যদিকে, বৃষ্টি না থাকা সত্ত্বেও দু’জনে ছাতা নিয়ে বাড়িতে প্রবেশ করার তথ্য তদন্তে নতুন রহস্যের সৃষ্টি করেছে।
সকাল ৮টায় ভূঁইয়া পরিবারের বাড়িতে প্রবেশের সন্দেহ দুই ঘাতকের, সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে ছাতা নিয়ে ঢুকেছিল হত্যাকারীরা
এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজু দাস নামে এক যুবক জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। রাজু দাস চন্দ্রকান্ত ভূঁইয়ার বাড়িতে বিগত সাত বছর ধরে ভাড়াটিয়া হিসেবে ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বর্তমানে নিখোঁজ রাজু দাসের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।

এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি রড এবং একটি দা উদ্ধার করেছে। আজ ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (AMCH) মৃত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

উল্লেখ্য, চন্দ্রকান্ত ভূঁইয়ার বাড়ি চরাইদেও জেলার মরাণজান গ্রামে। ময়নাতদন্তের পর চন্দ্রকান্ত ভূঁইয়া, তার স্ত্রী এবং কন্যার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। মরাণজান গ্রামেই তিনজনের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
অন্যদিকে, রাতে ফরেনসিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর তিনজনের মরদেহ দুলিয়াজানের অয়েল ইন্ডিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে এএমসিএইচ-এ (AMCH) ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



