
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরই অ্যাকশন মুডে রাজ্য পুলিশ। পথ দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কঠোর অবস্থান গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি সীমান্তবর্তী শ্রীভূমি জেলাতেও হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালানো এবং মোটরযান আইন (MVI Act) লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ অভিযান।এই অভিযানে শ্রীভূমি জেলার সাতটি থানার অধীনে মোট ২৫৫টি বাইক ও স্কুটি আটক করা হয়েছে। শুধু যানবাহন আটক করেই ক্ষান্ত থাকেনি পুলিশ, আটক করা চালকদেরও থানার চৌহদ্দিতে নিয়ে গিয়ে রাখা হয়।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রীভূমি সদর থানা এলাকায় ৫৫টি, বদরপুরে ৬১টি, নিলামবাজারে ১৯টি, পাথারকান্দিতে ১৪টি, বাজরিছড়ায় ২২টি, রাতাবাড়িতে ৪৫টি এবং রামকৃষ্ণনগর থানা এলাকায় ৩৯টি বাইক ও স্কুটি আটক করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিনিয়ত বেড়ে চলা পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা গড়ে তুলতেই প্রশাসনের এই কঠোর পদক্ষেপ। হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা মোটরযান আইনের বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আগামী দিনেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। পুলিশের এই তৎপরতায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কবার্তা পৌঁছে গেল বাইক ও স্কুটি চালকদের কাছে।



