বরাক তরঙ্গ, ১ জুলাই : উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। মঙ্গলবার কাছাড় জেলার তলেনগ্রাম এলাকায় যৌথ অভিযানে প্রায় ৯.৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনী ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং ৫৩৫ গ্রাম নম্বর-৪ হেরোইন উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯.৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
অভিযানের সময় লাল শুকনো মরিচভর্তি পাত্রের মধ্যে অত্যন্ত কৌশলে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। তবে আসাম রাইফেলসের জওয়ানদের তৎপরতায় সেই চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে মণিপুরের তামেংলং জেলার তলেন গ্রামের দুই মহিলাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিরাপত্তা বাহিনীর দাবি, গত ৪৮ ঘণ্টায় এটি তাদের তৃতীয় বড় সাফল্য। এর আগে এক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার পৃথক আরেক অভিযানে ২.৮ কোটি টাকা মূল্যের বিদেশি অবৈধ সিগারেটও বাজেয়াপ্ত করা হয়েছে।
আসাম রাইফেলস জানিয়েছে, কাছাড় পুলিশ ও শুল্ক দফতরের সঙ্গে সমন্বিত অভিযানের ফলেই এই সাফল্য এসেছে। মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



