মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : গোলের লড়াইয়ে শেষ হাসি হাসল আইজল এফসি। লালরুয়াত ত্লুয়াঙ্গা ও এলসা লালচামার গোলে লেনরুয়েল এফসিকে ২-০ গোলে পরাস্ত করে কেসি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিল আইজল এফসি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে মিজোরামের দলটির এই দাপুটে জয় মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই।
মাঝমাঠের দখল নিতে মরিয়া দুই দলই একের পর এক আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে আক্রমণে ধার ও গতির বিচারে শুরু থেকেই কিছুটা এগিয়ে ছিল আইজল এফসি। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমদিকে গোলের মুখ খুলতে পারেনি তারা। অবশেষে প্রথমার্ধ্বের ৩৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মিডফিল্ডার লালারের বাড়ানো নিখুঁত পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে দুরন্ত শটে লেনরুয়েল এফসির জালে বল জড়িয়ে দেন লালরুয়াত ত্লুয়াঙ্গা। তাঁর অসাধারণ ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় আইজল। এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁজ বাড়ায় লেনরুয়েল এফসি। সমতা ফেরাতে মরিয়া হয়ে একাধিকবার প্রতিপক্ষের বক্সে হানা দিলেও আইজলের সুসংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ।

অন্যদিকে, সুযোগের অপেক্ষায় থাকা আইজল এফসি পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে। ম্যাচের ৭০ মিনিটে সেই আক্রমণ থেকেই ব্যবধান দ্বিগুণ করে মিজোরামের দলটি। ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে বল জালে পাঠান স্ট্রাইকার এলসা লালচামা। তাঁর এই গোলেই জয়ের ভিত আরও মজবুত করে আইজল।শেষদিকে ব্যবধান কমানোর জন্য মরিয়া চেষ্টা চালায় লেনরুয়েল এফসি। কিন্তু আইজলের রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আইজল এফসি।এদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আইজল এফসির গোলদাতা লালরুয়াত ত্লুয়াঙ্গা। অতিথিদের হাত থেকে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, জেলা ক্রীড়া সংস্থার সচিব আশিস দাস পুরকায়স্থ-সহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব ও মণিপুরের আসুফি ফুটবল অ্যাকাডেমি। দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে বাড়ছে উত্তেজনা।



