বরাক তরঙ্গ, ৩০ জুন : পূর্বঘোষিত আন্তঃজেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও, শিলচর জেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল দলের জার্সি প্রদান অনুষ্ঠান নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দলের ১৮ জন খেলোয়াড়, কোচ, সহকারী কোচ এবং ম্যানেজারের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়।
সমাজসেবী ও শিক্ষাবিদ সুমিত্রা ঘোষ, যিনি দলের জার্সির স্পনসর, খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ক্লাবের সভাপতি ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ডিরেক্টর ড. বিভাস দেব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্তসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিবব্রত দত্ত বলেন, “কাছাড়ের মহিলা ফুটবলের সম্মান আরও উজ্জ্বল করার দায়িত্ব এখন এই দলের কাঁধে।” তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার আহ্বান জানান। ড. বিভাস দেব ও সুমিত্রা ঘোষও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করেন। ডিএসএ-র ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোমও দলের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বৃষ্টির কারণে বিলাসীপাড়ায় অনুষ্ঠিতব্য আন্তঃজেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ জুলাই ধুবড়ির বিরুদ্ধে শিলচরের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। প্রতিযোগিতার নতুন সূচি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
জার্সি গ্রহণকারী শিলচর দলের খেলোয়াড়রা হলেন কিরণ চৌহান, পুষ্পা সাহু, মঞ্জলি দাস, সরস্বতী মির্ধা, লক্ষ্মী মুন্ডা, বিদ্যা ভূমিজ, লেঙ্গগালম্বি দেবী, সপ্তর্ষি মুরা, রেখা কর্মকার, বাবলি রিকিয়াসন, পিঙ্কি বাউরি, সীমা বাগতি, সীমরণ দেবী, প্রণতি উরাং, রূপা রবিদাস, কিরণ দুসাদ, তারা রিকিয়াসন এবং শম্পা খারিয়া। কোচ হিসেবে রয়েছেন বাবু সিং, সহকারী কোচ সুনন্দা চানু এবং দলের ম্যানেজার তপন দাস।



