২৩ জুলাই : নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ‘সংসদ চলো’ অভিযান করেছিলেন ছাত্র-যুবরা। সেই মিছিলে দিল্লি পুলিশের বিরুদ্ধে পড়ুয়াদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে। এই ‘পুলিশি দমনপীড়নের’ প্রতিবাদে এ বার সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। শীর্ষ আদালত চত্বরে সম্মিলিত ভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও।
ইন্দিরা জয়সিং-সহ বেশ কয়েক জন আইনজীবী এই কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর সওয়া ১টা নাগাদ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে জড়ো হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। প্রবীণ আইনজীবী ইন্দিরা অনুরোধ করেছিলেন, এই কর্মসূচিতে কেউ যেন রাজনৈতিক বা উস্কানিমূলক স্লোগান না দেন। বুধবার রাতেই এই কর্মসূচির কথা এক্স হ্যান্ডলে জানানো হয়েছিল। একটি পোস্টার সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়, ‘গণতন্ত্র বাঁচান, সংবিধান বাঁচান’। ঘটনাচক্রে, বুধবার রাতেও যন্তর মন্তরে পড়ুয়াদের পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিল্লি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আগেই বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।



