হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে জখম বহু শ্রমিক, ব্যাহত ট্রেন চলাচল

Spread the news

৩০ জুন : হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে আগুন লাগতেই মুহূর্তেই মধ্যেই তা ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ হলদিয়া-পাঁশকুড়া সংযোগকারী রেললাইনের ধারে অবস্থিত ওই পাইপলাইনটিতে আচমকাই আগুন লেগে যায়। প্রাথমিক তথ্যানুযায়ী, পাইপলাইনটি ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক আগুনের কবলে পড়ে গুরুতর জখম হন। আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপড়িও ভস্মীভূত হয়ে গিয়েছে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। জখম শ্রমিকদের তড়িঘড়ি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। রেললাইনের ঠিক পাশেই এই অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কারখানা কর্তৃপক্ষ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *